![]()
খুলনা: পাইকগাছায় দুর্বৃত্তরা সুমিত্রা ঘোষ (৭০) নামে এক বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করেছে। মঙ্গলবার রাতে নিজ বসতবাড়িতে বর্বরোচিত হামলার এ ঘটনা ঘটে। আহত সুমিত্রা কে মুমূর্ষু অবস্থায় খুলনায় চিকিৎসাধীন রয়েছে। তিনি উপজেলার কপিলমুনি ইউনিয়নের সলুয়া গ্রামের মৃত রঞ্জন ঘোষের স্ত্রী। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ জুন মঙ্গলবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা সুমিত্রার উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। মুমূর্ষু অবস্থায় স্বজনরা দ্রুত তাকে তালা হাসপাতালে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করেন। আহতের বড় ছেলে নারায়ন ঘোষ জানান, হামলায় তার মায়ের মাথায় মারাত্মক আঘাত লেগেছে এবং মাথার ভেতরের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ মার্চ রাতে একই পরিবারের বড় ছেলে নারায়ন ঘোষের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ওই সময় বাড়িতে ঢুকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। পরপর এসব ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ভিতির সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে থানার অফিসার ইনচার্জ ( ওসি) গোলাম কিবরিয়া বলেন থানা এবং ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এ ঘটনার সাথে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন থানা পুলিশের এ কর্মকর্তা।
এন/ আর
বাংলাদেশ সময়: ০:২১:৪৫ ৩ বার পঠিত | ● কুপিয়ে ● জখম ● নারীকে ● পাইকগাছা ● বিধবা বৃদ্ধা