![]()
ময়মনসিংহ: মাত্র নয় মাস আগে স্বামীর ঘরে তৃতীয় স্ত্রী হিসাবে পা রেখেছিলেন ১৯ বছরের সাদিয়া খাতুন।আজ দুপুরে সেই সংসারের পরিসমাপ্তি ঘটল এক মর্মান্তিক ঘটনায়।
মঙ্গলবার (৩০জুন) দুপুরে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের তিলাটিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে সাদিয়া খাতুন নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী হাফিজ উদ্দিন শাকিলকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে শাকিল মিয়ার আগের দুই স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর প্রায় নয় মাস আগে পারিবারিকভাবে সাদিয়া খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল।
পুলিশ সুত্রে জানা গেছে,স্ত্রীর টিকটক করাকে কেন্দ্র করে সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের সৃষ্টি হয়।আজ সকালে স্বামী শাকিল মিয়া জীবিকার তাগিদে হ্যান্ডট্রলি নিয়ে কাজে বেরিয়ে যান।
দুপুরের দিকে শাকিলের ছোট বোন ইন্নামা (১৫) বাড়ির দক্ষিণ পাশের একটি কক্ষে গিয়ে সাদিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।
ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৪৩:১৯ ৬ বার পঠিত | ● উদ্ধার ● গৃহবধূর ● ফুলপুর ● মরদেহ