![]()
পিরোজপুর: মধুমতি নদী ভাঙ্গন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন এবং প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন, সংরক্ষিত মহিলা আসন-৩৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই এমপি গত ০৩ জুলাই থেকে ০৬ জুলাই পর্যন্ত ৪ দিনের সফরে আসেন পিরোজপুরে। শনিবার (০৪ জুলাই) দুপুরে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের মধুমতি নদী ভাঙ্গন কবলিত এলাকা, রাই রসরাজ সেবা আশ্রম ও বিনোদ বিহারী নাগ আইডিয়াল কলেজ পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা, জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আবু হাচান খানসহ স্থানীয় বিএনপি’র দলীয় নেতৃবৃন্দ। ওইদিন দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
একই দিন সন্ধ্যায় নাজিরপুর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন সুলতানা জেসমিন জুই। প্রেসক্লাবের সভাপতি কে.এম সাঈদের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় তিনি বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। এলাকার মানুষের অধিকার আদায়ে এবং উন্নয়নের লক্ষ্যে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করব। এর আগে শুক্রবার (০৩ জুলাই) বিকেলে নাজিরপুর উপজেলা টাইম টাওয়ার চত্বরে বিএনপি’র উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সদস্য মো. মুজিবর রহমান শেখের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিয়াজ ফরাজীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই তার বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সমালোচনা করেন এবং পিরোজপুরের উন্নয়ন ও জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম খান, উপজেলা বিএনপির সদস্য হিরুয়ার রহমান মোল্লা, যুবদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান খান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল সিকদার, জেলা ছাত্রদলে সাবেক সাধারণ সম্পাদক তানজীদ রশিদ বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি রেহান রাজু, নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামিম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমূখ।
রোববার (০৫ জুলাই) পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন কালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে শিক্ষা কার্যক্রম ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা করেন। পরিদর্শনের সময় সংসদ সদস্য শ্রেণিকক্ষের পাঠদান, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো এবং শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান নিশ্চিত করা এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্টদের মতামত শোনেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মনোযোগ দিয়ে লেখাপড়া করে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
সংসদ সদস্য বলেন, একটি শিক্ষিত, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
এ সময় জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিরাজুল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে সোমবার (০৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) জিয়ানগর উপজেলা শাখার উদ্যোগে উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগর উপজেলায় র্যালি, আলোচনা সভা, ঋণ সহায়তা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রাম। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং মানুষের জীবনমান উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তিনি বলেন, বর্তমান সরকার পল্লী উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়নে বদ্ধপরিকর। ওইদিন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠান শেষে এমপি সুলতানা জেসমিন জুঁই উপজেলা বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, জিয়ানগর প্রেসক্লাব ও মেহেউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৮:১৪ ৯ বার পঠিত | ● এমপি ● জুঁই ● জেসমিন ● পিরোজপুর ● সুলতানা