ঢাকা    শুক্রবার, ১০ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে সম্পত্তির দ্বন্দ্বে প্রবাস ফেরত যুবক নিহত, আহত ৭

আড়াইহাজারে সম্পত্তির দ্বন্দ্বে প্রবাস ফেরত যুবক নিহত, আহত ৭


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬


আড়াইহাজারে সম্পত্তির দ্বন্দ্বে প্রবাস ফেরত যুবক নিহত, আহত ৭

নারায়ণগঞ্জ: আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে কম্বোডিয়া থেকে ছুটিতে আসা সিয়াম মিয়া (২৬) নামে এক প্রবাসী যুবক নিহত ও ৭ জন আহত হয়েছে। বৃহষ্পতিবার সকালে ঢাকার বেসরকারী পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় সিয়ামের মৃত্যু হয়। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার সন্ধার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লষ্করদী মধ্যপাড়া এলাকায় এই সংঘর্ষে ঘটনাটি ঘটেছে ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লস্করদী গ্রামের মোক্তার হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের মধ্যে দীর্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব বিরাজ করছিল। এ নিয়ে বুধবার বিকেল ৪টায় ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে তপন মিয়ার বাড়ীর পাশে শালিসী বৈঠক বসে। বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হলে সিয়ামসহ উভয় পক্ষের কমপক্ষে ৭ জন গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় সিয়ামকে ঢাকায় পাঠানো হলে পপুলার হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে সিয়ামের মৃত্যু হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মনির হোসেন জানান, তারা বিকাল ৪টায় তপনের বাড়ীর পাশে বৈঠক শেষে সীমানা নির্ধারণ করে দিয়ে আসার পর সন্ধ্যার দিকে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও মামলা হয়নি। লাশ দাফন শেষে স্বজনরা মামলা দায়ের করতে পারে।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার ( গ অঞ্চল) মেহেদী ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে মামলা রুজু করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪২   ১৪ বার পঠিত  |