ঢাকা    বুধবার, ১৫ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » আড়াইহাজারে প্রবাসী যুবক সিয়াম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে মানববন্ধন

আড়াইহাজারে প্রবাসী যুবক সিয়াম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে মানববন্ধন


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


আড়াইহাজারে প্রবাসী যুবক সিয়াম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে মানববন্ধননারায়ণগঞ্জ: আড়াইহাজারে প্রবাসী যুবক সিয়াম মিয়া হত্যা মামলার সব আসামিকে দ্রুত গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে পুলিশ স্টেশনের সামনে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টার দিকে এ কর্মসূচিতে নিহতের স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকার লোকজন অংশ গ্রহণ করেন। মানববন্ধনের আগে তারা ভুলতা বিশনন্দী আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার পৌর বাজার এলাকায় বিক্ষোভ মিাছল করে।

এ সময় হত্যার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে প্লাকার্ড প্রদর্শন করেন মানববন্ধনকারীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল ও এর আশপাশে পুলিশ মোতায়েন করা হয়। খবর পেয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান এবং আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন সিয়াম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে তাদের কর্মসূচী কর্মসূচি শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন নিহত সিয়ামের মা লাকী আক্তার, পিতা মোক্তার হোসেন, মামা রাজিব মিয়া, বন্ধু মো. জিসানসহ স্থানীয়রা।

নিহতের মা লাকী আক্তার বলেন, ‘আমার ছেলে কোন অপরাধ করেনি। পরিকল্পিতভাবে আমার সন্তানকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি একজন মা হিসেবে সরকারের কাছে শুধু একটাই দাবি- আমার ছেলের খুনিদের ফাঁসি চাই। যেন আর কোন মা এভাবে সন্তান হারাতে না হয়।’

নিহতের পিতা মোক্তার হোসেন বলেন, ‘কম্বোডিয়া থেকে ছুটিতে এসেছিলো সিয়াম। আর কয়দিন পর সে বিদেশ চলে যেত। তাই সিয়াম কোন ধরনের ঝগড়া ফেসাদে জড়িত হতে চাইতো না। অথচ আমার ছেলেকে ডেকে নিয়ে তারা কুপিয়ে হত্যা করেছে। আমি ওগো ফাঁসি চাই বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

নিহতের মামা রাজিব মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের সন্তান কোনো অপরাধ করেনি। তাকে বাড়ি পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার বিচার চাই। হত্যাকরীদের ফাঁসি হোক, এটাই আমার একমাত্র দাবি।

এসময় বক্তব্য দিতে গিয়ে নিহতের বন্ধু মো. জিসান আবেগাপ্লুত হয়ে কান্নাভেজা কণ্ঠে তিনি বলেন, সিয়াম অত্যন্ত নম্র ও ভদ্র একজন ছেলে ছাত্র ছিল। মতিন, হিরনরা মিলে তাকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করে । এ নির্মম হত্যাকারীদের দু’জন গ্রেপ্তার হয়েছে। বাকী আসামিরা দেশের বাহিরে চলে যাওয়ার চেষ্টা করছে। এরা যেন দেশের বাহিরে যেতে না পারে তাই দ্রুত এ দুজনকে গ্রেফতারের দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা দেলোয়ার হোসেন বলেন, মামলার প্রধান আসামি গ্রেপ্তার হলেও অন্য আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি জানান। পাশাপাশি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে কোনো আসামি যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়েও প্রশাসনের প্রতি তীক্ষ্ম দৃষ্টি রাখার আহ্বান জানান।

এদিকে, মামলার প্রধান আসামি আব্দুল মতিনকে সোমবার বিকেলে নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। এর আগে গত শনিবার রাতে মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরন মিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। পরে তাদের আড়াইহাজার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বলেন, এ মামলায় এখন পর্যন্ত এজহারভূক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্ক্ষলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত বাকি আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।

আড়াইহাজারের ইউএনও আসাদুর রহমান জানান, একটি তরুণ প্রাণের এমন মর্মান্তিক মৃত্যু বেদনাদায়ক। আমি পুলিশ প্রশাসনের বলেছি, যেন ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নিতে।

জানা গেছে, লস্করদী গ্রামের মোক্তার হোসেন ও ব্রাহ্মন্দী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে গত বুধবার বিকেলে তপন মিয়ার বাড়ির পাশে সালিশ বৈঠক শেষে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে সিয়ামকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় গত শুক্রবার সিয়ামের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৯:২০   ১০ বার পঠিত  |