ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনাম
![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জ বনবিটের বেহাত হওয়া ৩১৬ একর জমি মধ্যে পীরগঞ্জ উপজেলায় ৮৪ একর জমি প্রশাসন ও বন বিভাগের সমন্বয়ে অবৈধ দখলমুক্ত করা হয়েছে। উদ্ধার করা গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমিতে মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বাঁশগাড়া ও সাগুনী মৌজায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সাগুনী ও বাঁশগাড়া মৌজার ৯৮.২৫ একর সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে প্রভাবশালীদের দখলে ছিল। সম্প্রতি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে ওই দুই মৌজার ৮৪ একর জমি উদ্ধার করে পুনরায় বন বিভাগের দখলে নেওয়া হয়। উদ্ধারকৃত ওই জমিতে এক যোগে ৮৪ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রম করা হচ্ছে। সরকারি সম্পত্তি ও গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি হিসেবে চিহ্নিত করতে উদ্ধারকৃত জমির বিভিন্ন স্থানে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ ও পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী।
পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসিন আলী জানান, প্রধানমন্ত্রি তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধ দখলের থাকা ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন সেখানে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৭:৫০:৪৬ ৮ বার পঠিত | ● চারা ● পীরগঞ্জ ● রোপণ