ঢাকা    মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৯ জুলাই ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » মধুখালী পৌর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

মধুখালী পৌর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: রবিবার, ১৯ জুলাই ২০২৬


 মধুখালী পৌর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

ফরিদপুর: মধুখালী পৌর বাজারে সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

অভিযানে সরকারি জায়গা দখলমুক্ত করে বাজারে নতুন একটি সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ সময় কয়েকটি ভবনের বারান্দা ও দেয়ালের অবৈধ অংশ অপসারণ করা হয় এবং রাস্তার কাজে বাধা হয়ে থাকা গাছপালা কেটে ফেলা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিযান চলাকালে তা বন্ধ করার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের মুঠোফোনে বিভিন্ন দিক থেকে চাপ প্রয়োগের চেষ্টা করা হয়। তবে তিনি দায়িত্ব পালনে অনড় থেকে অভিযান অব্যাহত রাখেন।

পৌর বাজার কমিটির অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরে দখলে থাকা সরকারি জায়গা উদ্ধারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যার আংশিক সমাধান হলেও সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে আরও কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত সাংবাদিকদের জানান, বাজারের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত হালট, ড্রেন ও সরকারি ভূমি আগামী এক সপ্তাহের মধ্যে দখলমুক্ত করা হবে। প্রাথমিকভাবে দখলদারদের মৌখিকভাবে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নিজ দায়িত্বে অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানকালে বাজার কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী এবং প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪২:৫০   ১৮ বার পঠিত  |