নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার কলমাকান্দা ইউনিয়নে বন্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি জোরদার এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করতে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার কলমাকান্দা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাগনীপাড়া মাঠে অনুষ্ঠিত এ মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শামছুজ্জামান আসিফ। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা ইউনিয়নের প্রশাসক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, কলমাকান্দা একটি বন্যাপ্রবণ এলাকা। তাই বন্যার আগেই জনগণকে সচেতন করা, আগাম সতর্কবার্তা দ্রুত পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের প্রস্তুতি গ্রহণ, জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ওষুধ সংরক্ষণ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
পরে আয়োজিত দুর্যোগকালীন মহড়ায় বন্যার সময় উদ্ধার কার্যক্রম, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি সেবার বিভিন্ন বিষয় বাস্তবভিত্তিকভাবে প্রদর্শন করা হয়। এতে স্থানীয় স্বেচ্ছাসেবক, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোগলা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. আশরাফুল ইসলাম, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)-এর প্রতিনিধি মো. এ. জে. এম. আজহারুল ইসলাম, সিএনআরএস-এসআরএসপি প্রকল্পের এপিসি মো. জিয়াউর রহমান, মেইল অফিসার মো. মফিজ উদ্দিন, উপজেলা কো-অর্ডিনেটর ফয়সাল আহমেদ, কলমাকান্দা সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. শামসুজ্জামান এবং কলমাকান্দা ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানের আয়োজন করে কলমাকান্দা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। বিশ্ব খাদ্য কর্মসূচি (ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম-ডব্লিউএফপি)-এর সহযোগিতায় এবং সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)-এর বাস্তবায়নে মহড়াটি অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ ধরনের মহড়া স্থানীয় জনগণের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি এবং বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সময়: ২২:০৪:৫৫ ১১ বার পঠিত | ● কলমাকান্দা ● মহড়া ● সাড়াদান