![]()
কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র ও জাসদের সদ্য সাবেক নেতা আনোয়ারুল কবির টুটুলের ওপর অতর্কিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ২৪ জুলাই শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার গোডাউন মোড় এলাকার এসডি টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। হামলায় টুটুলসহ মোট তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত অন্য দুজন হলেন স্থানীয় বিএনপির ৪ নম্বর পৌর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল হোসেন এবং নুরু নামের এক ব্যক্তি।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।
ভুক্তভোগী আনোয়ারুল কবির টুটুল অভিযোগ করেন, প্রতিদিনের মতো গোডাউন মোড় হয়ে নিজ বাসায় ফেরার পথে একদল সশস্ত্র ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে হত্যার উদ্দেশ্যে স্বেচ্ছাসেবক দল নেতা এস এস আল হুসাইন সোহাগের নেতৃত্বে সিজার, খোকন, রুম্মন ও রুমনসহ কয়েকজন এই সংঘবদ্ধ হামলা চালায় বলে তার দাবি। হামলার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং আত্মরক্ষার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সহিংস কর্মকাণ্ড চালিয়ে আসছে।
তবে এই হামলার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ। তিনি জানান, এই ঘটনার সঙ্গে তার বা তার কোনো কর্মী-সমর্থকের কোনো সম্পৃক্ততা নেই। শহরের জলাবদ্ধতা, যানজট ও মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করার কারণে পৌর মেয়র পদে তার সম্ভাব্য প্রার্থী হিসেবে জনপ্রিয়তা তৈরি হয়েছে। সেই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, সাবেক পৌর মেয়রের ওপর হামলার ঘটনার খবর পেয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। হামলার কারণ অনুসন্ধান এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। লিখিত অভিযোগ পাওয়া গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:৪৪:০৬ ১২ বার পঠিত | ● ভেড়ামারা ● সশস্ত্র হামলা ● সাবেক মেয়র