![]()
কুষ্টিয়া: ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হোসাইন সোহাগ। একই সঙ্গে এ হামলায় নিজের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করে তিনি গণমাধ্যমে একটি প্রতিবাদলিপি ও প্রেস বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।
২৫ জুলাই, শনিবার গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে এসএস আল হোসাইন সোহাগ বলেন, গত ২৪ জুলাই রাতে সাবেক মেয়র আনোয়ারুল কবির টুটুল সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তিনি এ অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা জানান। তবে, এ সহিংস ঘটনার সঙ্গে তাকে জড়িয়ে ফেসবুকে যে অপপ্রচার চালানো হচ্ছে, তার সঙ্গে তিনি, তার কোনো সমর্থক বা সহযোগী কোনোভাবেই জড়িত নন। তার দাবি, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে।
বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, ভেড়ামারা শহরের জলাবদ্ধতা ও যানজট নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে তিনি দাবি করেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তিকে ব্যবহার করে পরিকল্পিত অপপ্রচার চালানোরও অভিযোগ তোলেন তিনি।
স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ ভেড়ামারার সর্বস্তরের জনগণের প্রতি যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে সত্যতা যাচাই করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সাবেক মেয়রের ওপর হামলার ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে হবে। প্রকৃত দোষীদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্যও তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:৩৩:১৪ ১০ বার পঠিত | ● ওপর ● টুটুল ● হামলা