![]()
কুষ্টিয়া: ভেড়ামারা উপজেলার জিকে খালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী একটি মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নদী ও খালের প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ এবং পরে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
২৭ জুলাই সোমবার দুপুরে ভেড়ামারা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসানের নেতৃত্বে জিকে খালের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল দিয়ে একশ্রেণীর অসাধু মৎস্যজীবী দেশীয় প্রজাতির মাছ ও পোনা নিধন করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে জিকে খাল থেকে আনুমানিক ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা মূল্যের ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত এসব ক্ষতিকারক জাল উপজেলার হাসপাতাল মোড় এলাকায় স্থানীয় জনসম্মুখে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনাকারী সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান জানান, চায়না দুয়ারী জাল জলজ জীববৈচিত্র্য ও দেশীয় মাছের প্রজননের জন্য চরম হুমকিস্বরূপ। নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এবং দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে ভেড়ামারা থানার এএসআই নিজামুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি সঙ্গীয় ফোর্স, উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মচারীবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:২২:৪৫ ৪ বার পঠিত | ● চায়না ● জাল জব্দ ● দুয়ারী ● ভেড়ামারা