ঢাকা    বুধবার, ২৯ জুলাই ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ

পীরগঞ্জে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬


 পীরগঞ্জে বন বিভাগের বিরুদ্ধে কৃষিজমিতে বনায়নের অভিযোগ
ঠাকুরগাঁও: পীরগঞ্জ উপজেলার বাঁশগাড়া মৌজায় প্রায় ২৫.৮৫ একর কৃষি আবাদি জমিতে বন বিভাগ জোরপূর্বক বনায়ন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভুক্তভোগী কৃষকরা। মঙ্গলবার সকালে পীরগঞ্জ প্রেস ক্লাব হল রুমে ২০০ কৃষক পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যের দেন এ.কে.এম ফজলুল হক। এতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং কৃষিজমি রক্ষার দাবি জানান তারা।
লিখিত বক্তব্যে জানানো হয়, বাঁশগাড়া মৌজার প্রায় ২৫.৮৫ একর জমি দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকরা চাষাবাদ করে আসছেন। তাদের দাবি, জমির মালিকানা ও দখল সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র, খাজনা পরিশোধের রসিদ এবং আদালতে চলমান মামলার নথি তাদের কাছে রয়েছে। এরপরও বন বিভাগ ওই জমিকে সরকারি বনভূমি দাবি করে সেখানে বনায়নের উদ্যোগ নিয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি নিয়ে তারা কৃষি মন্ত্রণালয়, জেলা প্রশাসক, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন। আদালতেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কৃষিজমিতে বনায়ন কার্যক্রম বন্ধ রাখার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় ২০০ ভূমিহীন ও প্রান্তিক কৃষক পরিবারের জীবিকা এই জমির ওপর নির্ভরশীল। জমিতে বনায়ন করা হলে

তারা চরম ক্ষতির মুখে পড়বেন এবং জীবিকা নির্বাহ কঠিন হয়ে পড়বে। তারা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত মালিকানা যাচাই করে কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
উল্লেখ্য, সম্প্রতি পীরগঞ্জে সংরক্ষিত বনভূমি উদ্ধার ও বনভূমি দখলকে কেন্দ্র করে প্রশাসন ও বন বিভাগের বিভিন্ন অভিযান পরিচালিত হয়েছে।

এন/ এন

বাংলাদেশ সময়: ১৯:২৪:০১   ১০ বার পঠিত  |