ঢাকা    রবিবার, ২ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি

প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ১ আগস্ট ২০২৬


 প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি
পাবনা: সুজানগর উপজেলা ও আমিনপুর থানার অন্তর্গত আহম্মদপুর ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পলাশ শেখ নামে এক প্রতিবন্ধী ব্যক্তিকে পিটিয়ে মারাত্বক আহত করার অভিযোগ উঠেছে। আহত পলাশ শেখ আহম্মদপুর ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া গ্রামের মৃত সোবাহান শেখের ছেলে।এ ঘটনায় ভুক্তভোগী পলাশ শেখ বাদী হয়ে রাসেল শেখ, সোহেল শেখ ও রায়হান শেখ নামক তিন ব্যক্তিকে অভিযুক্ত করে আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত জাহাঙ্গীর শেখের ছেলে রাসেল শেখ , শুকুর শেখের ছেলে সোহেল শেখ ও জাহাঙ্গীর শেখের ছেলে রায়হান শেখ আহম্মদপুর ইউনিয়নের সোনাতলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। অভিযোগ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, জায়গা-জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গত বৃহস্পতিবার বিকাল ৬টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্র, কাঠের রোল ও লাঠিসোটা নিয়ে অতর্কিতভাবে হামলা করে এলোপাতাড়ি মারধর করে প্রতিবন্ধী পলাশকে মারাত্বক আহত করে। এ সময় পলাশের কাছে থাকা নগদ ৫০ হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়।এক পর্যায়ে পলাশের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনা নিয়ে মামলা না করার জন্য এবং পরিবারটিকে ভিটেমাটি ছাড়া করার প্রকাশ্যে হুমকি দিয়ে কেটে পড়ে।পরে স্থানীয়দের সহায়তায় আহত পলাশকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী পলাশ শেখ জানান, এলাকার সন্ত্রাসী হিসেবে পরিচিত রাসেল শেখ, সোহেল শেখ ও রায়হান শেখ প্রকাশ্যে আমাকে স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় অতর্কিত হামলা করে গুরুতর আহত করে। এছাড়াও এর আগে অভিযুক্ত রাসেল শেখ, সোহেল শেখ ও রায়হান শেখ তাঁর কাছে কয়েক লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং দাবীকৃত চাঁদার টাকা না দেওয়ায় বিভিন্ন সময়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও জানান প্রতিবন্ধী পলাশ শেখ।

এদিকে প্রকাশ্যে একজন প্রতিবন্ধী ব্যক্তিকে মারধর করে মারাত্বক আহত করার ঘটনার তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।এবিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য জানার চেষ্টা করলে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।এ বিষয়ে থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৮:২২   ৬ বার পঠিত  |