ঢাকা    বুধবার, ৫ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৫ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

পটুয়াখালীতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৫ আগস্ট ২০২৬


 পটুয়াখালীতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা

পটুয়াখালী: যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সংবর্ধনা, বিশেষ দোয়া ও প্রার্থনাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বুধবার,৫ আগস্ট সকাল ৯টায় শহরের ঝাউতলা এলাকায় অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী এবং পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী। পরে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আবু ইউসুফ, জেলা বিএনপির নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ৯টায় জেলা পরিষদ শিশু পার্কে নির্মিত ‘জুলাই গ্যালারি’ পরিদর্শন করা হয়। পরে সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বাদ জোহর বা সুবিধাজনক সময়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত, আহত জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় জেলার মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী শিশু কল্যাণ কেন্দ্র, বৃদ্ধাশ্রম ও ভবঘুরে কেন্দ্রগুলোতে বিশেষ প্রীতিভোজের ব্যবস্থা করা হয়। পাশাপাশি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং উপযোগী চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই এ দিবসের মূল অঙ্গীকার।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩০:৪২   ৬ বার পঠিত  |