ঢাকা    শনিবার, ৮ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৮ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » খুলনা » মরদেহ সঙ্গে নিয়ে ফিরছিলেন স্বজনরা পথে ট্রলির ধাক্কায় শিশুসহ আহত ৩

মরদেহ সঙ্গে নিয়ে ফিরছিলেন স্বজনরা পথে ট্রলির ধাক্কায় শিশুসহ আহত ৩


মহম্মদপুর,( মাগুরা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট ২০২৬


 মরদেহ সঙ্গে নিয়ে ফিরছিলেন স্বজনরা পথে ট্রলির ধাক্কায় শিশুসহ আহত ৩

মাগুরা: স্বজনের মরদেহ হাসপাতাল থেকে ভ্যানে করে বাড়ি নেওয়ার পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় শিশু ও নারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর ১২টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের সিন্দাইন গ্রামে হানিফের দোকানের সামনে এ দূর্ঘটনা ঘটে। আহতরা হলেন শিরগ্রামের মৃত আবজাল হোসেনের ছেলে ভ্যানচালক নুরু মিয়া (২৫), বিলঝলমল গ্রামের আবু সাঈদ শেখের স্ত্রী জহুরা খাতুন (৫০) এবং শিরগ্রামের শহর আলীর চার বছরের শিশু সন্তান ফারহান।
এলাকাবাসী জানান, শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান বিলঝলমল গ্রামের বিল্লাল মিয়ার স্ত্রী হেলেনা খাতুন (৫৫)। পরে স্বজনরা হাসপাতাল থেকে মরদেহ ভ্যানে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। ভ্যানটি সিন্দাইন এলাকার হানিফের মুদি দোকানের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রলি ও অটো ভ্যানটিকে স্বজোরে ধাক্কা দিলে লাশবাহী ভ্যান থেকে ছিটকে পড়ে নুরু মিয়া, জহুরা খাতুন ও শিশু ফারহান মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর চালক ট্রলি নিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভ্যানচালক নুরু মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জহুরা খাতুন ও শিশু ফারহান কে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

একদিকে স্বজন হারানোর শোক অন্যদিকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে এমন দুর্ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সড়কে অবৈধ ট্রলি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মহম্মদপুর থানার ওসি মো. শামীম আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রলিটি শনাক্ত করে চালককে আটকের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:০৬   ৭ বার পঠিত  |