কুষ্টিয়া: ভেড়ামারায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিক হতাশায় তানিয়া খাতুন (১৬) নামের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে।
রবিবার (১০ আগস্ট) রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কুচিয়ামাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তানিয়া কুচিয়ামাড়া গ্রামের প্রবাসী আক্তারুল ও কবিতা দম্পতির কন্যা। সে স্থানীয় বাহাদুরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। প্রকাশিত ফলাফলে তানিয়া আশানুরূপ ফল পায়নি। এই ফলাফল মেনে নিতে না পেরে সে চরম মানসিক হতাশায় ভুগছিল। একপর্যায়ে রবিবার আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা তাকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে কুচিয়ামাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুস সালাম তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছান। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি ভেড়ামারা থানায় জানানো হয়।
ভেড়ামারা থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরীক্ষার ফলাফলকে কেন্দ্র করে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:২৬:২৭ ৪৩ বার পঠিত | ● ভেড়ামারা ● মৃত্যু ● স্কুলছাত্রীর