ঢাকা    সোমবার, ৩১ আগস্ট ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৩১ আগস্ট ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » বানিয়াচং উশু একাডেমির গোল্ড মেডেলসহ রানার্সআপ অর্জন

বানিয়াচং উশু একাডেমির গোল্ড মেডেলসহ রানার্সআপ অর্জন


রায়হান উদ্দিন সুমন, হবিগঞ্জ ( সিলেট )
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট ২০২৬


বানিয়াচং উশু একাডেমির গোল্ড মেডেলসহ রানার্সআপ অর্জন
হবিগঞ্জ: সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ অসাধারণ সাফল্য অর্জন করেছে হবিগঞ্জের বানিয়াচং উশু একাডেমি। দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ৬টি গোল্ড, ১টি সিলভার ও ১টি ব্রোঞ্জসহ মোট ৮টি পদক অর্জন করে বানিয়াচং উশু একাডেমি রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে।
গত ২৮/২৯ আগস্ট সিলেটের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে অনুষ্ঠিত সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬ এ দেশের বিভিন্ন জেলা থেকে মোট ৪১টি উশু দল অংশগ্রহণ করে। ব্যাপক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় বানিয়াচং উশু একাডেমির খেলোয়াড়রা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক জয় করে।
চাইনিজ উশু ফাইটারের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সহযোগিতায় ছিল বাংলাদেশ উশু ফেডারেশন ও সিলেট জেলা ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতার স্পন্সর ছিল আশিয়ান গ্রুপ।
বানিয়াচং উশু একাডেমির এ সাফল্যে খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। একাডেমির প্রধান কোচ শেখ জিতুর নেতৃত্বে সহকারী কোচ শিপন আহমেদ ও নুর উদ্দিনের প্রশিক্ষণে খেলোয়াড়রা এ সাফল্য অর্জন করেন।
বানিয়াচং উশু একাডেমির সভাপতি নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মইনুল ইসলাম এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে বলেন, কঠোর অনুশীলন, খেলোয়াড়দের পরিশ্রম এবং কোচদের নিবিড় প্রশিক্ষণের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন তারা।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও বাংলাদেশ উশু ফেডারেশনের সেক্রেটারি দিলদার হোসেন দিলু।
৪১টি জেলার উশু দলের অংশগ্রহণে আয়োজিত এ বৃহৎ প্রতিযোগিতায় বানিয়াচং উশু একাডেমির রানার্সআপ হওয়ার সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সঠিক পৃষ্ঠপোষকতা ও সুযোগ-সুবিধা পেলে বানিয়াচংয়ের উশু খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে আরও বড় সাফল্য বয়ে আনতে সক্ষম হবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:১২:২৪   ৪ বার পঠিত  |