![]()
পাবনা: বাংলাদেশ জামায়াতে ইসলামী সুজানগর উপজেলা শাখার আয়োজনে উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্থানীয় জামায়াত কার্যালয়ের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফারুক-ই আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ ।
সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন সুজানগরের প্রবীণ সাংবাদিক আব্দুস শুকুর ও মোহাম্মদ আলী। অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের বায়তুল মাল সম্পাদক অধ্যাপক রাফি আহম্মেদ ফুল ও পৌর জামায়াতের সেক্রেটারী মকবুল হোসেন বকুল।
বিগত সময়ে গণমাধ্যমের ওপর নানা ধরণের বাধা ও মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করার কুফল তুলে ধরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও দৈনিক জীবন কথার সম্পাদক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ বলেন, সাংবাদিকরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করলে দেশ এগিয়ে যাবে। জামায়াত সবসময় দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত, মাদকমুক্ত দেশ গড়তে চায়। এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক ও দুর্নীতি নির্মূলে গণমাধ্যম ও রাজনৈতিক দলের যৌথ ভূমিকার উপর গুরুত্বারোপ করে এবং সমাজের নানা অসংগতি দূর করতে ও সত্য তথ্য প্রচারে স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চেয়ে তিনি আরো বলেন, জামায়াত ইনসাফের রাজনীতি করে। যেখানে মানুষের কল্যাণ রয়েছে, জামায়াত সেই কাজটি করবে এবং করছে।
এ সময় তিনি উপজেলার গণমাধ্যম কর্মীদের স্বাধীন ভাবে সমাজের অসংগতি তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান । মতবিনিময় সভায় সুজানগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:১৩:৩৮ ১৫ বার পঠিত | ● মতবিনিময় ● সভা ● সুজানগর