![]()
হবিগঞ্জ : ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, স্বাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন মানুষকে সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে দারিদ্র্য, কুসংস্কার ও নানা ধরনের বৈষম্য দূর করা সম্ভব। তিনি বলেন, একটি শিক্ষিত ও সাক্ষর জনগোষ্ঠীই পারে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে। সাক্ষরতার হার বাড়ানোর পাশাপাশি মানুষকে জীবনমুখী ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে হবে। কেউ যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল জ্ঞান অর্জনও জরুরি। তাই সাক্ষরতা কার্যক্রমকে আরও ব্যাপক ও কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। আলোচনা সভায় বক্তারা স্বাক্ষরতার গুরুত্ব, নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে টেকসই উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে স্বাক্ষরতার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৩৫:০০ ২১ বার পঠিত | ● আন্তর্জাতিক ● দিবস ● সাক্ষরতা ● হবিগঞ্জ