![]()
পাবনা: চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর চুরির ঘটনায় প্রতিবাদ ও সেগুলো উদ্ধারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে শরৎগঞ্জ পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, গ্রামবাসীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. এখলাস হোসেন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, হাবিবুল্লাহ চঞ্চল, সোহেল রানা শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে একসঙ্গে ১৭টি ল্যাপটপ চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। বিদ্যালয়ে নৈশপ্রহরী ও সিসি ক্যামেরা থাকার পাশাপাশি কাছেই পুলিশ ফাঁড়ি রয়েছে। এরপরও কীভাবে এতগুলো ল্যাপটপ চুরি হলো, তা তদন্ত করে প্রকৃত ঘটনা বের করার দাবি জানান তারা।
বক্তারা দ্রুত চুরি যাওয়া ল্যাপটপ ও অ্যাডাপ্টর উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ শিক্ষা-উপকরণ ও প্রযুক্তি সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।
গত বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাতের কোনো একসময় শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর চুরি হয়। রোববার সকালে আইসিটি শিক্ষক ল্যাব খুলে বিষয়টি দেখতে পান। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা আইসিটি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান ও পুলিশ সদস্যরা।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:২৯:০৮ ১৫ বার পঠিত | ● চাটমোহর ● মানববন্ধন ● শরৎগঞ্জ স্কুল