ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: বাউফল উপজেলায় নারীঘটিত বিষয়কে কেন্দ্র করে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের হামলায় অর্ক চ্যাটার্জী নামের এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। হামলায় তার মাথা ফেটে রক্তাক্ত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালাইয়া বন্দরের মন্দির গেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কালাইয়া মদন মোহন জিউড় আখড়াবাড়ির মন্দিরে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানে অর্ক চ্যাটার্জী তার বন্ধুদের নিয়ে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে স্থানীয় জয় কুন্ডু, প্রীতম দেবনাথ ও সজিব শীলের নেতৃত্বাধীন একটি দল সেখানে গিয়ে নারীসংক্রান্ত পুরোনো বিরোধ নিয়ে অর্কের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে তারা অর্ককে ঘিরে ধরে মারধর শুরু করে।
অর্ক এর প্রতিবাদ জানালে এবং হামলার কারণ জানতে চাইলে জয় কুন্ডু তাকে লক্ষ্য করে লোহার রড দিয়ে মাথায় সজোরে আঘাত করেন। এতে তার মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এ সময় আশপাশের লোকজন ও পুণ্যার্থীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এলাকাবাসীর অভিযোগ, জয় কুন্ডুর বাবা খোকন কুন্ডুর প্রত্যক্ষ মদদ ও প্রশ্রয়ে তার ছেলে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় মেয়েদের নিয়মিত উত্ত্যক্ত (ইভটিজিং) করা, মন্দিরপ্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি এবং কিশোর গ্যাং পরিচালনার একাধিক অভিযোগ রয়েছে জয়ের বিরুদ্ধে। প্রভাবশালী বাবার ছায়াতলে থাকায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না বলেও অভিযোগ এলাকাবাসীর।
অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে অভিযুক্ত জয় কুন্ডুর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি। তবে তার বাবা খোকন কুন্ডু সব অভিযোগ অস্বীকার করে বলেন, ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দিয়েছে।
অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ রাসেল নিয়াজী বলেন, ‘কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:৩২:১৭ ১৩ বার পঠিত | ● আহত ● গুরুতর ● ছাত্রদল নেতা ● বাউফল