![]()
মানিকগঞ্জ: সদর উপজেলায় একটি ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের জান্নাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বারাহী জান্নাকান্দি এলাকার নিজ ঘরে সৌদিপ্রবাসী আকরাম হোসেন (৪০), তার দ্বিতীয় স্ত্রী প্রিয়াঙ্কা আক্তার (২২) ও তাদের ১৮ মাস বয়সী শিশুকন্যা এলিজা অবস্থান করছিলেন। শনিবার দুপুরে স্বজনরা তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে ঘরে ঢুকে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
স্থানীয়রা জানান, আকরাম হোসেন দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন এবং মাত্র এক সপ্তাহ আগে দেশে ফেরেন। ঘটনাটি কীভাবে ঘটেছে বা তাদের মৃত্যুর মূল কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের কেউ কেউ পারিবারিক কলহের কথা বললেও এ বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
আকরামের স্বজন মামুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ও শিশুসন্তানকে শ্বাসরোধ বা অন্য কোনোভাবে হত্যার পর আকরাম নিজে আত্মহত্যা করে থাকতে পারেন।
সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২০:২২:১১ ২ বার পঠিত | ● উদ্ধার ● মরদেহ ● মানিকগঞ্জ