ঢাকা    শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম

পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম


বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬


পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম

ব্যক্তিজীবনে আবার নতুন সম্পর্কে জড়িয়েছেন ‘দ্য জেন্টলম্যান’ তারকা কায়া স্কোডেলারিও। ব্রিটিশ পরিচালক এরান ক্রিভির সঙ্গে তাঁর প্রেমের খবর এখন আলোচনায়। এটি তাঁর চতুর্থ প্রেম। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় কাটাচ্ছেন এই ব্রিটিশ-ব্রাজিলীয় অভিনেত্রী।

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘দ্য জেন্টলম্যান’–এর দ্বিতীয় মৌসুমে সুসি গ্লাস চরিত্রে অভিনয় করে আবারও আলোচনার কেন্দ্রে কায়া। সিরিজটিও বর্তমানে আইএমডিবির ‘মোস্ট পপুলার টিভি শোজ’–এর তালিকায় রয়েছে। তিনি আইএমডিবির ট্রেন্ডিং তারকার তালিকার শীর্ষে রয়েছেন। সিরিজটি তাঁকে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার—দুই ক্ষেত্রেই আলোচিত করেছে।

পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম

সিরিজের শুটিংয়ে নতুন প্রেম

কায়ার নতুন প্রেমিক ব্রিটিশ পরিচালক ও চিত্রনাট্যকার এরান ক্রিভি। কাজের সূত্রেই তাঁদের পরিচয়। ক্রিভি ‘দ্য জেন্টলম্যান’ সিরিজের পরিচালক হিসেবে কাজ করেছেন, আর কায়া সেখানে সুসি গ্লাস চরিত্রে অভিনয় করেছেন। সম্পর্ক কিছুদিন গোপন থাকলেও জুলাইয়ে লন্ডনের একটি উন্মুক্ত কনসার্টে তাঁদের চুম্বনরত ছবি ক্রিভি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। পরে ছবিটি সরিয়েও নেওয়া হয়। এ নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছিল, তাঁদের সম্পর্কটি তখনো শুরুর পর্যায়ে ছিল। গ্রীষ্মেই তাঁদের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে বলে একটি সূত্র দাবি করেছিল।

পরিচালক এরান ক্রিভির সঙ্গে কায়ার চতুর্থ প্রেম

কায়ার যত প্রেম

কায়ার প্রেম ও বিচ্ছেদের জীবন তাঁর ক্যারিয়ারের মতোই আলোচিত। ক্যারিয়ারের শুরুর দিকে ‘স্কিনস’ সিরিজের সহশিল্পী জ্যাক ও’কনেলের সঙ্গে তাঁর প্রেম হয়। দুই বছরের মধ্যেই সেই সম্পর্ক শেষ হয়। পরে অভিনেতা এলিয়ট টিটেনসরের সঙ্গে পাঁচ বছরের সম্পর্কও টেকেনি।

দ্বিতীয় প্রেমের সম্পর্ক চুকিয়ে কায়া ২০১৪ সালে আমেরিকান অভিনেতা বেঞ্জামিন ওয়াকারের প্রেমে পড়েন। ওই বছর ‘দ্য কিংস ডটার’ ছবিতে কাজ করতে গিয়ে বেঞ্জামিনের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরের বছর তাঁরা বিয়ে করেন। ১০ বছর পর, ২০২৪ সালে সেই সম্পর্কে ছেদ পড়ে। এরপর কিছুদিন একা থাকলেও এ বছর শুটিংয়ে গিয়ে চতুর্থ প্রেমে পড়েন এই অভিনেত্রী।

ক্যারিয়ারের শীর্ষেও কায়া

ব্যক্তিজীবনের এই নতুন অধ্যায় এমন সময়ে এসেছে, যখন কায়ার ক্যারিয়ারও বেশ ভালো অবস্থানে। ২০০৭ সালে ‘স্কিনস’–এ এফি স্টোনেম চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া কায়া পরে ‘দ্য মেইজ রানার’ সিরিজ, ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’, ‘উদারিং হাইটস’সহ বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন। প্রতিটি সিনেমাই তাঁর ক্যারিয়ারকে এগিয়ে নিয়েছে।

সর্বশেষ ‘দ্য জেন্টলম্যান’ সিরিজের দ্বিতীয় মৌসুম সে কথাই বলে। এবারের গল্পে যুক্ত হয়েছে ইতালীয় অভিজাত সমাজ, নতুন অপরাধী গোষ্ঠী ও ক্ষমতার দ্বন্দ্ব। দ্বিতীয় মৌসুম মুক্তির পর সিরিজটি আইএমডিবির ‘মোস্ট পপুলার টিভি শোজ’ তালিকার শীর্ষে উঠে আসে। একই সঙ্গে আইএমডিবির ট্রেন্ডিং তারকার তালিকার শীর্ষে রয়েছেন কায়া।

প্রেম করলেও গুরুত্ব ক্যারিয়ারে

কায়ার জন্য সুখবর এখানেই শেষ নয়। ‘দ্য জেন্টলম্যান’–এর তৃতীয় মৌসুমও নিশ্চিত হয়েছে। তিনি মনে করেন, এটি তাঁর ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যাবে। সব মিলিয়ে কায়া স্কোডেলারিওর ব্যক্তিজীবনে নতুন প্রেম এবং পেশাগত জীবনে নতুন সাফল্য—দুই দিকেই যেন নতুন অধ্যায় শুরু হয়েছে।

একসময় ‘স্কিনস’–এর কিশোরী এফি হিসেবে পরিচিতি পাওয়া সেই অভিনেত্রী এখন নেটফ্লিক্সের অন্যতম আলোচিত ক্রাইম সিরিজের কেন্দ্রীয় চরিত্র। বাস্তব জীবনেও দীর্ঘ দাম্পত্যের পর নতুন সম্পর্কে পা রেখেছেন তিনি। ক্যারিয়ার ও সম্পর্কের গল্প যেন সমানতালেই চলছে। এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৪৭:০৩   ১ বার পঠিত  |