ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬


তাঁতীবন্দের ভবানীপুরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন

পাবনা: সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ সব ধরনের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। সোমবার স্থানীয় জিয়ালগাড়ী ভবানীপুর প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

রোদের মধ্যে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’, ‘চাঁদাবাজের আস্তানা, ভবানীপুরে হবে না’—এমন স্লোগানের পাশাপাশি চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন স্লোগান দেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন নিরু খন্দকার, আজাদ খন্দকার, জহুরুল খন্দকার, আমিনুদ্দিন, শাহজাহান মিয়া, রবিউল ইসলাম, নাজিম প্রামাণিক ও সাহেরা খাতুনসহ অনেকে।

এলাকাবাসীর দাবি, ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছেন। তাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী। সম্প্রতি জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের এক ব্যবসায়ীকে জিম্মি করে ২ লক্ষাধিক টাকা চাঁদা আদায়ের ঘটনা ঘটেছে।

বক্তারা বলেন, “আমরা বলতে চাই, এ নতুন বাংলাদেশে আর কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না। যারা চাঁদাবাজি করছে, তাদের কোনো দল নেই।” চাঁদাবাজির এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান তারা। দ্রুত চাঁদাবাজিতে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, স্থানীয় ব্যবসায়ী ও নিরীহ মানুষকে জিম্মি করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছেন ছাত্রদলের সাবেক এক নেতা। এই বাহিনীর নেতৃত্বে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে নিরীহ মানুষ প্রতিনিয়ত ভয়ে থাকেন বলেও অভিযোগ করেন তারা।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দ্রুত এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সমাজের জন্য হুমকি উল্লেখ করে তারা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে সুজানগর থানা পুলিশ জানায়, উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামের এক ব্যবসায়ীকে জিম্মি করে জোরপূর্বক প্রায় তিন লাখ টাকা নিয়ে নেওয়ার অভিযোগে লিখিত একটি আবেদন পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধন শেষে নিরাপদ ও বাসযোগ্য জিয়ালগাড়ী ভবানীপুর গ্রাম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। তারা বলেন, “সবাই মিলে জিয়ালগাড়ী ভবানীপুর গ্রামটিকে সন্ত্রাসমুক্ত করতে চাই। আজকে সবাই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের না বলেছে। এভাবে এলাকায় যারা সন্ত্রাসী ও রাহাজানি করে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।”

এন/ এস

বাংলাদেশ সময়: ২০:২৪:৫৬   ৫ বার পঠিত  |