![]()
নোয়াখালী: জাতীয় সংসদে হাতিয়ার নৌঘাট’সহ বিভিন্ন ইস্যুতে বিএনপিকে জড়িয়ে মিথ্যা ও জনবিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় উপজেলার মাসিক আইনশৃঙ্খলা মিটিংয়ে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন নোয়াখালী-৬ আসনের সাংসদ আবদুল হান্নান মাসউদ। এসময় ছাত্রদল, যুবদলের নেতাকর্মীদের সাথে এনসিপি নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হন।
বৃহস্পতিবার দুপুরে হাতিয়া উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে আসার পথে পরিষদ ভবনের প্রবেশদ্বারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জাতীয় সংস অধিবেশনে নিজে বক্তব্যে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাংসদ আবদুল হান্নান মাসউদ হাতিয়া বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিথ্যা ও জনবিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করেন। পরবর্তীতে জেলার আইনশৃঙ্খলার মিটিং এবং এনসিপির দলীয় কর্মী সমাবেশেও তিনি হাতিয়া বিএনপি নেতা কর্মীদের জড়িয়ে একই ধরনের বক্তব্য দেন। বৃহস্পতিবার দুপুরে হাতিয়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মিটিংয়ে আসার পথে পরিষদ ভবনের প্রবেশদ্বারে হান্নান মাসউদ তার নেতাকর্মীসহ ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এসময় তাদের সাথে এনসিপি সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা ও পরে হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ সদস্য হান্নান মাসউদ উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভায় আসার পথে পরিষদ গেইটে ছাত্রদল-যুবদলের নেতা কর্মীদের সাথে এমপির লোকজনের সাথে কথাকাটি হয়। এসময় এমপি নিজে ছাত্রদল যুবদলের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মিটিংয়ে আসা কয়েকজন বিএনপির নেতার হস্তক্ষেপে এমপিকে তারা আইনশৃঙ্খলা সভায় নিয়ে আসেন। মিটিংয়ের শেষ পর্যায়ে বাইরে হট্টগোলে এমপি জানতে পারেন এনসিপি কর্মীদের সাথে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা পুনরায় বাকবিতণ্ডা শুরু হয়। এমন খবরে হান্নান সভায় তার বক্তব্য না দিয়ে বের হয়ে নিজেই তর্কে জড়ান।
এসময় হট্টগোল বেঁধে গেলে এলোপাতাড়ি কিলঘুসিতে উপজেলা যুবশক্তির সদস্য সচিব ছাইফুল ইসলাম রাকিব এবং ছাত্রদলের নেতা আকরাম, সাকিব, সাখাওয়াত হোসেন হিরো, আজাদ ও আকরাম আহত হন। পরে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিএনপির নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পরে প্রশাসনের সহযোগিতায় এমপি হান্নান মাসউদ ও তার নেতাকর্মীদের নিয়ে নিজ বাস ভবনে চলে যান।
হাতিয়া পৌর বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আশিক ইকবাল বলেন, এমপি হান্নান মাসউদ জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গায় বিএনপিকে জড়িয়ে উসকানিমূলক মিথ্যা বক্তব্য দেয়। যা সে প্রতিনিয়তই করছে। আজকের এই ঘটনায়ও হান্নান মাসউদের উস্কানি ও উগ্রতার কারণে এ ঘটনা ঘটেছে। এখানে বিএনপির কোন নির্দেশনা ছিলো না।
হাতিয়া উপজেলা এন সি পির আহ্বায়ক সামছুল তিবরিজ বলেন,বিএনপি ইদানিং বেপরোয়া হয়ে উঠেছে। আজকে গঠিত বিএনপির কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই।
এ বিষয়ে জানতে সাংসদ হান্নান মাসউদের ব্যবহৃত মোবাইলে একাধিকবার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
এন/ এন
বাংলাদেশ সময়: ২০:৫৪:২৩ ১০ বার পঠিত | ● এমপি ● তোপ ● মুখে ● হাতিয়া ● হান্নান