![]()
হবিগঞ্জ: নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও এক সময়ের ডাকাতি মামলার আসামি আব্দুস ছমেদকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ ও মারামারি মামলার ওয়ারেন্ট থাকায় নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেফতার করে।
জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুস ছমেদ নানা অনিয়ম ও ডাকাতির ঘটনায় প্রায় ২০০৫ সালে জনতার গণধোলাইয়ের শিকার হয়ে পুলিশের হাতে সোপর্দ হন। ইদানীং তিনি এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম আবারও শুরু করেন বলে অভিযোগ রয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর সকালে উপজেলার কুর্শি ইউনিয়নের কুর্শি গ্রামের আব্দুস ছমেদ ও আবুল কালাম গংরা একই গ্রামের বিশিষ্ট মুরব্বি মো. লিয়াকত আলী (৫০), তার ভাই মো. শওকত আলী (৪৫) এবং লিয়াকত আলীর স্ত্রী আনোয়ারা বেগমের (৪০) ওপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তাদের রক্ষা করতে গিয়ে আরও কয়েকজন আহত হন। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা হয়। ওই মামলার প্রেক্ষিতে গতকাল শুক্রবার বিকেলে কুর্শি গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বলেন, ‘আমরা খবর পেয়ে আব্দুস ছমেদকে ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে গ্রেফতার করেছি। তার বিরুদ্ধে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ রয়েছে। আমরা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’
এন/ এস
বাংলাদেশ সময়: ০:২৬:৩৮ ৭ বার পঠিত | ● আব্দুস ছমেদ ● গ্রেফতার ● নবীগঞ্জ