![]()
ফরিদপুর: সালথা উপজেলায় বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও অগ্রদূত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন কমান্ডার টোকন মিয়া (বোয়ালমারী), দৈনিক সমকাল ও চ্যানেল টোয়েন্টিফোরের ফরিদপুর প্রতিনিধি হাসানুজ্জামান, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের দাতা সদস্য আবু রাহাত খান, সাবেক বিদ্যুৎসাহী সদস্য মজিবুর হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ১৯৭১ সালের স্মৃতিচারণ করে প্রধান অতিথি আবু সাঈদ খান বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটা পতাকা পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি। এই পতাকাকে বিশ্বের দরবারে ঊর্ধ্বে তুলে ধরার দায়িত্ব নতুন প্রজন্মের।’ তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমরা মুক্তিযুদ্ধ করতে পারবে না, কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত পতাকাকে বিশ্বদরবারে তুলে ধরতে পারবে।’
দেশের বর্তমান চাহিদার কথা তুলে ধরে তিনি বলেন, ‘আজকে প্রয়োজন ভালো মানবসম্পদ। এখানে ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈমানিক, আমলা, প্রশাসক ও রাজনীতিবিদ দরকার। এই সব সেক্টরে আমাদের ঘাটতি রয়ে গেছে।’
শিক্ষাপ্রতিষ্ঠানকে মানবসম্পদ গড়ার স্থান উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার আহ্বান জানান। তিনি বলেন, ‘স্বপ্ন হতে হবে আনলিমিটেড, আকাশছোঁয়া। মুক্ত স্থানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে স্বপ্ন দেখো, যেন আকাশ ছুঁতে পার।’
এ সময় বিভাগদী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু রাসেল এবং সালথা উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী অফিসার হাসানুজ্জামান সবুজ ইসলাম, আটঘর ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুর রহমান, সমাজসেবক ইব্রাহিম মাতুব্বর, বিভাগদী শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক মারুফ হোসেন, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম ও আইসিটি বিভাগের প্রভাষক মেহেদী হাসানসহ সব শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। শিক্ষক ও অতিথিরা নতুন শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় মনোযোগী হওয়া, নিয়মিত পড়াশোনা ও চরিত্র গঠনের পাশাপাশি দেশপ্রেমবোধে উজ্জীবিত হওয়ার পরামর্শ দেন।
উল্লেখ্য, ফরিদপুর জেলার সালথা উপজেলার বিভাগদী গ্রামে অবস্থিত এই কলেজটি প্রতিষ্ঠা করেছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ খান। তিনি দীর্ঘকাল জাতীয় দৈনিকগুলোতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে ‘অগ্রদূত’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত। শিক্ষা প্রসারে নিজ গ্রামে তিনি এই কলেজসহ বিভাগদী রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৪৬:৩৫ ৪ বার পঠিত | ● বরণ ● শিক্ষার্থী ● সালথা