![]()
পিরোজপুর: কাউখালীতে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মোল্লা বক্তিয়ার রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি ও কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সবুজ কান্তি সিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকিরসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।
বিদায় সংবর্ধনা শেষে অনুভূতি ব্যক্ত করে বিদায়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান বলেন, “দীর্ঘ অর্পিত দায়িত্ব পালন শেষে আজ বিদায় নিচ্ছি। পিরোজপুর জেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সব শিক্ষকের সহযোগিতায় কাজ করার চেষ্টা করেছি। কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার আজ যেভাবে আমাকে সম্মানিত ও ভালোবাসায় সিক্ত করল, তা আমার সারাজীবন স্মরণে থাকবে। পিরোজপুরের শিশুদের মানসম্মত ও আলোকিত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক সমাজকে ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানাচ্ছি।”
অনুষ্ঠানের সভাপতি কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমাদের সম্মানিত ডিপিইও মোল্লা বক্তিয়ার রহমান স্যার পিরোজপুরের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে সুসংগঠিত ও আধুনিকায়নে অত্যন্ত দক্ষ ভূমিকা রেখেছেন। প্রশাসনিক কড়াকড়ির পাশাপাশি তিনি শিক্ষকদের সঙ্গে অভিভাবকের মতো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন। আজকের এই আনুষ্ঠানিকতা মূলত তাঁর কর্মমুখর প্রতিভার প্রতি আমাদের সম্মান ও শুভকামনার এক ক্ষুদ্র প্রয়াস। আমরা তাঁর অবসর জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।”
অনুষ্ঠান শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বিদায়ী অতিথির হাতে সম্মাননা স্মারক ও বিদায়ী উপহারসামগ্রী তুলে দেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ০:১৩:৪২ ৫ বার পঠিত | ● কাউখালী ● সংবর্ধনা