![]()
খুলনা: সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্যে বেআইনিভাবে প্রবেশ করে মাছ আহরণের অভিযোগে কাঠবডি ট্রলারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
আটকের বিষয়টি আজ মঙ্গলবার জানা যায়। বন বিভাগ জানিয়েছে, সোমবার খুলনা রেঞ্জের সুন্দরবন পশ্চিম বন বিভাগের আওতাধীন নীলকমল অভয়ারণ্য কেন্দ্রের বন্ধের গাং এলাকায় টহল দেওয়ার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
বন বিভাগ জানায়, টহলকালে সংরক্ষিত অভয়ারণ্যে বেআইনিভাবে প্রবেশ করে মাছ আহরণের সময় একটি কাঠবডি ট্রলারসহ পাঁচজনকে আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানে অংশ নেওয়া বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. সাজমিনুল ইসলাম এবং সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান।
এ বিষয়ে সুন্দরবন ইকো-রিজিলিয়েন্স ইনিশিয়েটিভের প্রধান সমন্বয়ক ও সাংবাদিক তারিক লিটু বলেন, “সুন্দরবনকেন্দ্রিক যেসব বিষদস্যু ও অবৈধ কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি সুন্দরবনের ইকোসিস্টেম ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে আরও কঠোর নজরদারি প্রয়োজন। বিশেষ করে সংরক্ষিত বনাঞ্চলে বেআইনিভাবে প্রবেশ, বিষ দিয়ে মাছ আহরণ কিংবা অন্যান্য ক্ষতিকর কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। নিয়মিত ও জোরদার নজরদারি এবং কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা না গেলে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের ভারসাম্য দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হতে পারে।”
বন বিভাগ জানিয়েছে, পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের বনজ সম্পদ এবং জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৪৭:০৫ ৯ বার পঠিত | ● অভয়ারণ্যে ● কয়রা ● খুলনা ● সংরক্ষিত ● সুন্দরবন