ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
![]()
পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় চুরি করা পাঁচটি মহিষ নিয়ে যাওয়ার সময় সাংবাদিক পরিচয় দেওয়া দুই ব্যক্তিসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার, ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঝাটিবুনিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার মাহমুদুর ও গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের খায়রুল ইসলাম সাগর। তারা দুজনই নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন।
অপর তিনজন হলেন একই এলাকার মো. শাহজাদা শিকদার, শাহীন সিকদার ও জাকির। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে শাহীন, জাকির, মো. শাহজাদা শিকদার ও সাইফুল ইসলাম অজ্ঞাত স্থান থেকে চুরি করে আনা পাঁচটি মহিষ কলাগাছিয়ার ঝাটিবুনিয়া বাজারের সামনে দিয়ে নিয়ে যাচ্ছিলেন।
বিষয়টি স্থানীয় লোকজনের সন্দেহজনক মনে হলে তারা পথরোধ করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। এ সময় দুই ব্যক্তি সাংবাদিক পরিচয় দিয়ে বলেন, মহিষ নিয়ে কোনো সমস্যা নেই এবং মহিষগুলো ছেড়ে দিতে উৎসুক জনতার ওপর চাপ প্রয়োগ করেন। তবে মহিষের মালিকানা-সংক্রান্ত কোনো সঠিক তথ্য উপস্থাপন বা দেখাতে না পারায় স্থানীয় জনতা নিকটস্থ কলাগাছিয়া পুলিশ ফাঁড়িতে বিষয়টি অবহিত করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে গলাচিপা থানা পুলিশের একটি দল ঝাটিবুনিয়া বাজারে পৌঁছে পাঁচজনকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, উদ্ধার করা পাঁচটি মহিষ বর্তমানে স্থানীয় চৌকিদার মিন্টু মিয়ার জিম্মায় রাখা হয়েছে। সাংবাদিক পরিচয় দেওয়া দুই ব্যক্তির মোটরসাইকেল জব্দ করে কলাগাছিয়া পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।
ঘটনার পর থেকে আবু তালেব নামের এক সাংবাদিক ও অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন। এ ঘটনায় গলাচিপা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৫৪:৫৯ ৩৬ বার পঠিত | ● আটক ● গলাচিপায ● মহিষ ● সাংবাদিক