![]()
গেল ১৮ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে বলিউডের সিনেমা ‘লাস্ট স্টোরিজ ৩’। সিনেমাটিতে আলী ফজলের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা মদন। পর্দায় দৃশ্যটি দর্শকের প্রশংসা পেলেও অভিনয়ের সময় স্বস্তিতে ছিলেন না তিনি। দৃশ্যটি ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কে ছিলেন রাধিকা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের পর থেকেই রাধিকার মধ্যে চাপা আতঙ্ক কাজ করত। সারাক্ষণ ভয় ছিল, দৃশ্যটি ফাঁস হয়ে যায় কি না। ২০১৬ সালে ‘পার্চড’ সিনেমায় অভিনয়ের সময় তাঁর একটি অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়েছিল। সেই ঘটনার পর থেকেই এ ধরনের দৃশ্যে অভিনয়ের সময় তাঁর ভয় কাজ করে।
এক সাক্ষাৎকারে রাধিকা বলেন, এ ধরনের দৃশ্যে অভিনয় করতে ঝুঁকি নিয়েই কাজ করতে হয়। তাঁর ভাষায়, “যাঁদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাঁদের আমরা কী করতে পারি? তাঁদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না, এসব করবেন না। সত্যি বলতে কিছুই করার থাকে না। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় মাথায় রাখতে হয়, দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি জেনেই কাজ করতে হয়।”
অন্যদিকে, ‘লাস্ট স্টোরিজ ২’-এ সাবেক প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন বিজয় ভার্মা। পরে সেই দৃশ্যও ফাঁস হয়ে যায়।
এ প্রসঙ্গে বিজয় বলেন, এ ধরনের দৃশ্যে অভিনয়ের সময় দর্শক বিষয়টি কীভাবে দেখবেন, সেই চিন্তা মাথা থেকে সরিয়ে রাখতে হয়। তাঁর ভাষায়, “আমরা জানি, এই ধরনের দৃশ্য অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এটাই বাস্তবতা। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিছু দৃশ্য আরও বেশি ছড়িয়ে পড়ে, নানা জায়গায় ঘুরতে থাকে। কিন্তু এই ভাবনাগুলো মাথায় রেখে দিলে আমি যে ধরনের কাজ করতে চাই, তা করতে পারব না। অভিনেতা হিসেবে নতুন কিছু করার সাহসও হারিয়ে ফেলব।”
‘লাস্ট স্টোরিজ ৩’-এ অভিনয় করেছেন বিজয় ভার্মা, রাধিকা মদন, আলী ফজল, অদিতি রাও হায়দারি ও কঙ্কনা সেন শর্মাসহ অনেকে। সিনেমাটি পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে, কিরণ রাও, শকুন বাত্রা ও বিশাল ভরদ্বাজ।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:৫৪:৫৬ ১৫ বার পঠিত | ● রাধিকা মদন