ঢাকা    বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রচ্ছদ » বিনোদন » উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি

উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি


বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬


উর্বশীর নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের কাছে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি

বিনোদনজগতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। ছবি তৈরি থেকে ভিডিও পরিবর্তন—প্রযুক্তির সহায়তায় তৈরি হচ্ছে নানা ধরনের কনটেন্ট। এবার অনুমতি ছাড়া নিজের নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে ব্যবসা করার অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা।

লস অ্যাঞ্জেলেসভিত্তিক একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। প্রতিষ্ঠানটির কাছে ৭০০০ কোটি রুপি পর্যন্ত ক্ষতিপূরণ দাবি করা হতে পারে বলে জানিয়েছে উর্বশীর টিম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে উর্বশী ও তাঁর টিমের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। এতে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলেসভিত্তিক ওই এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে প্রতিষ্ঠানটির নাম প্রকাশ করা হয়নি।

উর্বশীর টিমের অভিযোগ, প্রতিষ্ঠানটি কোনো ধরনের অনুমতি ছাড়াই অভিনেত্রীর নাম, ছবি ও ভিডিও ব্যবহার করেছে। এসব কনটেন্ট দিয়ে ব্যবসা করা হয়েছে বলেও অভিযোগ তাদের। প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মূল্য কয়েকশ কোটি টাকা নয়, কয়েকশ কোটি ডলারে পৌঁছেছে বলেও দাবি করেছে উর্বশীর টিম।

এ ঘটনায় বিপুল অঙ্কের ক্ষতিপূরণ দাবি করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, প্রাথমিকভাবে ক্ষতিপূরণের পরিমাণ ৭০০০ কোটি রুপি পর্যন্ত হতে পারে।

প্রতিষ্ঠানটির উদ্দেশে বিবৃতিতে কড়া বার্তাও দিয়েছে উর্বশীর টিম। পাশাপাশি এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে একটি প্রশ্ন সামনে এসেছে: কোনো তারকার নাম, ছবি বা পুরোনো ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নতুন কনটেন্ট তৈরি হলে, তার অধিকার কার? প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে এই প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

উর্বশীকে সর্বশেষ ‘ইনস্পেক্টর অবিনাশ’-এর দ্বিতীয় সিজনে দেখা গেছে। এর আগে অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:২২:৪০   ১৮ বার পঠিত  | ●