![]()
পাবনা: সুজানগর পৌরসভার চরমানিকদীর এলাকায় পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার বেশি মূল্যের মাছ নিধনের অভিযোগ উঠেছে। শনিবার ভোররাতের কোনো একসময় চার বিঘা জমিতে খনন করা দুটি পুকুরে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি শারীরিক প্রতিবন্ধী এবোর মোল্লা ও সেলিম মোল্লা অভিযোগ করে জানান, বাড়ির পাশে চার বিঘা আয়তনের দুটি পুকুর মঞ্জু মণ্ডলের কাছ থেকে বছরে ৭০ হাজার টাকায় লিজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন তারা। কিন্তু পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে পুকুর দুটিতে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে পুকুরে থাকা মাছের পোনা ও বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। এর আনুমানিক মূল্য ১০ লাখ টাকার বেশি।
ক্ষতিগ্রস্ত দুই মৎস্যচাষি আরও বলেন, স্থানীয় ব্র্যাক অফিস থেকে কয়েক লাখ টাকা ঋণ নিয়ে মাছ চাষ করেছেন তারা। এ ঘটনায় তারা সর্বস্বান্ত হয়ে পড়েছেন এবং জীবিকার আর কোনো অবলম্বন নেই।
প্রতিবেশীরা জানান, শারীরিক প্রতিবন্ধী এবোর মোল্লা ও সেলিম মোল্লা মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করেন। এ আয় দিয়ে তারা সংসার ও সন্তানদের লেখাপড়ার খরচ জোগান। যারা এ কাজ করেছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর জানান, মৎস্যচাষিদের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:২৪:৫১ ৭ বার পঠিত | ● দুই পুকুর ● মাছ মারা ● সুজানগর