ঢাকা রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ঝালকাঠি: কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে বালু ব্যবসায়ী সোহেল হাওলাদারের বসতঘরে ভাঙচুর, আসবাবপত্র ও মালামাল লুটপাট এবং পরিবারের সদস্যদের কুপিয়ে ও ইট-লাঠি দিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। হামলায় দুই বছরের শিশুও রেহাই পায়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ব্যবসায়ী সোহেল হাওলাদার (৩৯) বাড়িতে ছিলেন না।
এ ঘটনায় গত শুক্রবার (২ অক্টোবর) সোহেল হাওলাদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় একটি মামলা করেন। মামলা নম্বর-০২।
মামলার বিবরণে জানা গেছে, উপজেলার বলতলা গ্রামের ফজলুল হক হাওলাদারের সঙ্গে একই বাড়ির বালু ব্যবসায়ী সোহেল হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলছে। এর জেরে গত রোববার সন্ধ্যায় ফজলুল হক হাওলাদারের ছেলে বনি আমিন, তাওরাত হোসেন ও তাওহিদসহ ১০-১২ জন মিলে সোহেলের বড় ভাই সাহাদৎ হোসেনকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রতিবাদ করলে আসামিরা তাকে মারধর করেন এবং একপর্যায়ে মাছ ধরার কোচ দিয়ে পিঠে কোপ দেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। আসামিরা এ সময় সাহাদৎকে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করেন।
সাহাদৎকে বাঁচাতে সোহেলের মা সালেহা বেগম ও স্ত্রী রুপা বেগম এগিয়ে এলে তাদেরও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা সোহেলের দুই বছরের কন্যাসন্তান জান্নাতের মাথায় ইটের আঘাত লাগে এবং সে রক্তাক্ত হয়।
পরে আসামিরা ব্যবসায়ী সোহেলের বসতঘর ভাঙচুর করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ব্যবসায়ী সোহেল জানান, “আমার অনুপস্থিতিতে আসামিরা মধ্যযুগীয় কায়দায় আমার মা-ভাই ও স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ঘরের সমস্ত আসবাবপত্র কুপিয়ে পিটিয়ে ভাঙচুর করে ও ঘরের মালামাল, স্বর্ণালংকার, নগদ টাকা লুট করে নিয়ে যায়। তাদের হাত থেকে আমার দুই বছরের সন্তানও রেহাই পায়নি। শুনেছি আসামিরা মামলা থেকে রেহাই পেতে, উল্টো আমাদের বিরুদ্ধে কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করেছে।”
এ ব্যাপারে আসামিদের মোবাইল বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
থানার ওসি আবু নাছের রায়হান জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২২:২২:২৫ ৫ বার পঠিত | ● কাঁঠালিয়া ● বাড়ি ● ব্যবসায়ী ● হামলা