![]()
ভোলা: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় জানানো হয়, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত মোট ২২ দিন মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ের ওপর সরকারি নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা করা গেলে নদীতে ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিষেধাজ্ঞার সময়ে কোনোভাবেই যাতে ইলিশ আহরণ না হয়, সে বিষয়ে প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে। মা ইলিশ রক্ষার এ কার্যক্রম সফল করতে জেলে, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। পাশাপাশি নিষেধাজ্ঞার সময়ে জেলেদের ইলিশ আহরণ থেকে বিরত থাকতে হবে।
লালমোহন মৎস্য অফিস সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ করা হলে প্রজননের মাধ্যমে বিপুলসংখ্যক ইলিশের পোনা নদীতে যুক্ত হয়। পরবর্তী সময়ে এসব পোনা বড় হয়ে নদী ও সাগরে ইলিশের উৎপাদন বাড়াতে ভূমিকা রাখে। তাই নিষেধাজ্ঞার ২২ দিন ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইলিশের উৎপাদন ও প্রজনন টিকিয়ে রাখতে নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থেকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:৩৬:১১ ৩ বার পঠিত | ● অভিযান ● ইলিশ ● লালমোহন ● সংরক্ষণ