ঢাকা সোমবার, ৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
খুলনা: বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় ২৫ একর জায়গাজুড়ে সুপেয় পানি প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। প্রকল্পের কাজ শেষ হলে দ্রুততম সময়ের মধ্যে কৃষি অনুষদে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।
সোমবার দুপুরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাইকগাছা ক্যাম্পাস পরিদর্শনে এসে প্রকল্পসহ সার্বিক কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্টরা জানান, ২৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত ক্যাম্পাসে বৃষ্টির পানি সংরক্ষণ করে তা ভূগর্ভে প্রবেশ করানো হবে। পরে আধুনিক প্রক্রিয়ায় সেই পানি পরিশোধন করে পাম্পের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থীসহ ক্যাম্পাসে অবস্থানরত সবার জন্য সুপেয় পানি হিসেবে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, মূলত সুপেয় পানির ব্যবস্থা না থাকায় এতদিন ক্যাম্পাসটির শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালু করা সম্ভব হয়নি। পানি প্রকল্পের কাজ শেষ হওয়ার পর চলতি শিক্ষাবর্ষেই কৃষি অনুষদের চারটি বিভাগে ২০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের আবাসনের জন্য ইতোমধ্যে ক্যাম্পাসে হল নির্মাণ করা হয়েছে। এছাড়া গবাদিপশু নিয়ে গবেষণার জন্য দুটি শেডও নির্মাণ করা হয়েছে। অবকাঠামোগত অন্যান্য কাজ দ্রুত সম্পন্ন করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধনে ভূমিকা রাখছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী।
এ সময় আমিরুল ইসলাম কাগজী বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসটি পাইকগাছায় অবস্থিত। এটি আগে কৃষি কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হলেও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এখানে শিক্ষা কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ক্যাম্পাসে কার্যক্রম শুরু করা সম্ভব হবে।
পরিদর্শনকালে পল্লী উন্নয়ন একাডেমির সাবেক প্রকৌশলী এম. এ. মতিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এন/ এস
বাংলাদেশ সময়: ২১:৪৪:৩৫ ২ বার পঠিত | ● পাইকগাছা ● পানি প্রকল্প