![]()
খুলনা: সুন্দরবনের শেলা নদীর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার (৭ অক্টোবর) রাতে পরিচালিত এ অভিযানে ছয়টি একনলা বন্দুক, তিনটি এয়ারগান, একটি পাইপগানের ট্রিগার ও ১৪ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, সুন্দরবনে সক্রিয় বনদস্যুদের দমন ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জানতে পারে, একটি ডাকাতদল ডাকাতির উদ্দেশ্যে বাগেরহাটের মোংলা থানার আওতাধীন শেলা নদীর ফরেস্ট অফিসসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
পরে রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল সেখানে অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা সুন্দরবনের গহিনে পালিয়ে যায়। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান শেষে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় জনগণের সহযোগিতা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:২৭:২২ ১১ বার পঠিত | ● অস্ত্র ● উদ্ধার ● কয়রা ● গোলাবারুদ