![]()
ভোলা: জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য দিতে আগামী ১৩ অক্টোবর সকাল ১১টায় তদন্ত কর্মকর্তার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলা জেলা ও দায়রা জজ কার্যালয়ের প্রশাসন শাখা থেকে ৭ অক্টোবর ২০২৬ তারিখে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের চিঠি এবং সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট নথির পরিপ্রেক্ষিতে অ্যাডভোকেট হযরত আলী হিরনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
তদন্তের স্বার্থে অভিযোগ-সংক্রান্ত ভুক্তভোগী, সাক্ষী কিংবা সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বক্তব্য বা সাক্ষ্যপ্রমাণ থাকলে তা আগামী ১৩ অক্টোবর সকাল ১১টায় নিম্নস্বাক্ষরকারীর আদালতে হাজির হয়ে লিখিতভাবে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়া কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ চাইলে ১৩ অক্টোবর বিকেল ৪টার মধ্যে ই-মেইলে এ বিষয়ে তথ্য জানাতে পারবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
অফিস আদেশের অনুলিপি ভোলা ও চরফ্যাশনের সংশ্লিষ্ট আদালত, আইনজীবী সমিতি, নোটিশ বোর্ড, অফিস কক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ অক্টোবর চরফ্যাশন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য স্থগিত করেছে চরফ্যাশন আইনজীবী সমিতি। এর আগে তাঁর বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘন, অর্থ গ্রহণ, জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে অসদাচরণ, হুমকি এবং মক্কেলের পাসবই ফেরত না দেওয়ার অভিযোগে একাধিকবার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল। সর্বশেষ গত ৪ অক্টোবর সমিতির সাধারণ সভায় হট্টগোল ও অসদাচরণের অভিযোগের পর তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
এন/ এস
বাংলাদেশ সময়: ২৩:১০:২৪ ১৬ বার পঠিত | ● অভিযোগ ● চরফ্যাসন ● তদন্ত শুরু