ঢাকা    রবিবার, ১১ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » শিক্ষক দিবসে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা পেলেন ইনামুল হক মাজেদী

শিক্ষক দিবসে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা পেলেন ইনামুল হক মাজেদী


রংপুর ব্যুরো
প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর ২০২৬


শিক্ষক দিবসে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংগঠক সম্মাননা পেলেন ইনামুল হক মাজেদী

রংপুর: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে মাদ্রাসা পর্যায়ে রংপুর বিভাগের শ্রেষ্ঠ সংগঠক হিসেবে সম্মাননা সনদ ও ক্রেস্ট পেয়েছেন বিশিষ্ট শিক্ষক নেতা এবং কেল্লাবন্দ আদর্শ বহুমুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মোহাঃ ইনামুল হক মাজেদী। শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রগতিতে সাংগঠনিক অবদানের স্বীকৃতিস্বরূপ শিক্ষক কর্মচারী ঐক্যজোট তাঁকে এ সম্মাননা দিয়েছে।

গত ৮ অক্টোবর রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদ্‌যাপন অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সনদে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপি এবং সংগঠনটির অতিরিক্ত মহাসচিব মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহাদী আমিন এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী রংপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী লালচাঁদপুর খায়রুল উলুম বহুমুখী ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মরহুম মাওলানা আবু জাহেদ মো. আব্দুল মাজেদের সন্তান। বর্তমানে তিনি রংপুর মহানগরীর সিও বাজার এলাকার কেল্লাবন্দ আদর্শ বহুমুখী দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষকতা ও প্রতিষ্ঠান পরিচালনার পাশাপাশি তিনি বিভিন্ন শিক্ষক ও সামাজিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও রংপুর জেলা আহ্বায়ক, রংপুর বিভাগীয় শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সদস্যসচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও রংপুর জেলা ওলামা দলের আহ্বায়ক। এ ছাড়া তিনি বাংলাদেশ স্কাউটসের রংপুর জেলার সহকারী কমিশনার এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইউনিট, রংপুরের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠনের কার্যক্রমের পাশাপাশি তিনি রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ ও মাদ্রাসার উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। এ ছাড়া মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগের সঙ্গেও তিনি সম্পৃক্ত রয়েছেন।

তাঁর এ সম্মাননা অর্জনে রংপুর জেলা ও মহানগরীসহ বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসায় কর্মরত শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষক সমাজের কল্যাণ ও শিক্ষার উন্নয়নে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২৩:১০:২৯   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●