ঢাকা    সোমবার, ১২ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » বজ্রপাতের ঝুঁকি কমাতে চরফ্যাশনে ২০০ তালগাছের চারা রোপণ

বজ্রপাতের ঝুঁকি কমাতে চরফ্যাশনে ২০০ তালগাছের চারা রোপণ


ব্যুরো অফিস, ( চরফ্যাসন )
প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর ২০২৬


বজ্রপাতের ঝুঁকি কমাতে চরফ্যাশনে ২০০ তালগাছের চারা রোপণ

ভোলা: বজ্রপাতের ঝুঁকি কমানো ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে ভোলার চরফ্যাশনে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের উদ্যোগে রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজী রোডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বয়াতি মসজিদ থেকে উত্তর দিকে আনিসুল হক মুন্সীর দোকান পর্যন্ত নতুন কাঁচা সড়কের দুই পাশে এসব তালগাছের চারা রোপণ করা হয়। চারাগুলো সুরক্ষিত রাখতে সড়কের দুই পাশে নেটের বেড়া দেওয়া হয়েছে, যাতে গবাদিপশু বা অন্য কোনো কারণে চারাগুলো নষ্ট না হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু তাহের। এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা শামসুল আলম সোহাগ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের ফিল্ড ম্যানেজার গোলাম মোর্শেদ, সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার শাকিল আহমেদসহ স্থানীয় কৃষকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আবু তাহের বলেন, “তালগাছ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণ একটি ইতিবাচক উদ্যোগ। তবে শুধু চারা রোপণ করলেই হবে না, গাছগুলোকে বাঁচিয়ে রাখতে নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।”

স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশনের ফিল্ড ম্যানেজার গোলাম মোর্শেদ বলেন, “পরিবেশ সুরক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমানোর সচেতনতা তৈরিতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ক্রপ কেয়ার ডিভিশন দেশব্যাপী তালগাছের চারা রোপণ কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে চরফ্যাশনে ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু চারা রোপণ নয়, বরং এগুলোকে পরিচর্যার মাধ্যমে বড় করে তোলা। এ ক্ষেত্রে স্থানীয় মানুষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

কর্মসূচিতে উপস্থিত স্থানীয় কৃষকেরা তালগাছের চারা রোপণের এ উদ্যোগকে স্বাগত জানান। তাঁরা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এন/ এস

বাংলাদেশ সময়: ২২:৫০:৪১   ৬ বার পঠিত  | ●   ●   ●   ●