ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » উলিপুরের প্রত্যন্ত গ্রামে ৭৮০ শিক্ষার্থীর স্বপ্ন গড়ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

উলিপুরের প্রত্যন্ত গ্রামে ৭৮০ শিক্ষার্থীর স্বপ্ন গড়ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬


উলিপুরের প্রত্যন্ত গ্রামে ৭৮০ শিক্ষার্থীর স্বপ্ন গড়ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল

কুড়িগ্রাম: উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম জুম্মার হাটে ২০০৩ সাল থেকে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল। গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে ৭৮০ শিক্ষার্থীর পদচারণায় মুখর। প্রতিষ্ঠানটির এডুকেশনাল ইনস্টিটিউশন আইডেন্টিফিকেশন নম্বর (ইআইআইএন) ১৩৯১১৮ এবং বিদ্যালয় কোড ৫৮৭২।

‘জ্ঞানই আলো’ মূলমন্ত্র ধারণ করে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির প্রধান ফটকে শোভা পাচ্ছে ‘জ্ঞান, শৃঙ্খলা, সাফল্য’—এই তিনটি শব্দ। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দিয়ে আসছে স্কুলটি।

সরেজমিনে দেখা যায়, সাদা দেয়াল ও লাল পিলারে সাজানো পরিপাটি শ্রেণিকক্ষ, সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপদ ক্যাম্পাস এবং প্রায় দেড় বিঘা জমিতে নির্মিত অবকাঠামোর সঙ্গে রয়েছে বিশাল খেলার মাঠ। মাঠে উড়ছে লাল-সবুজের জাতীয় পতাকা। সকালে সমাবেশে সাদা ও নেভি ব্লু ইউনিফর্ম পরে শিক্ষার্থীদের সারিবদ্ধ উপস্থিতি নজর কাড়ে। বর্তমানে বিদ্যালয়টিতে ৭৮০ জন শিক্ষার্থী, ৪৯ জন শিক্ষক ও সাতজন কর্মচারী রয়েছেন।

প্রতিষ্ঠার পর থেকে প্রাথমিক সমাপনী, জেএসসি, এসএসসি ও বৃত্তি পরীক্ষায় ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে বিদ্যালয়টি। বিশেষ করে পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য ‘স্কলারশিপ প্রিপারেটরি প্যাকেজ প্রোগ্রাম-২০২৬’, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত যত্ন এবং নিয়মিত অভিভাবক সমাবেশ প্রতিষ্ঠানটিকে স্বতন্ত্র করেছে। অভিভাবকদের মতে, এখানে নিয়মিত ক্লাস করলে বাইরে প্রাইভেট বা কোচিংয়ের প্রয়োজন হয় না।

প্রতিষ্ঠানটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বাংলাদেশ স্কাউটসের নিবন্ধিত স্কাউট গ্রুপ। স্কুলের কাব দল নিয়মিত উপজেলা ও জেলা পর্যায়ের সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠানে সুনামের সঙ্গে অংশ নেয়।

সম্প্রতি বাংলাদেশ স্কাউটসের উপজেলা শাখা আয়োজিত দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬-এ অংশ নিয়ে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলের কাব দল শৃঙ্খলা, নেতৃত্ব ও সৃজনশীলতার জন্য প্রশংসিত হয়েছে। এর আগে গুনাইগাছ ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে দর্শকদের মুগ্ধ করে।

শুধু পাঠদানেই নয়, সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। গত ১৯ ফেব্রুয়ারি ‘মায়ের ভাষা অন্তরে, শিক্ষা-স্বাস্থ্য সবার তরে’ স্লোগানে শিক্ষা ও স্বাস্থ্যসেবামূলক সংগঠন কাগজবাড়ির উদ্যোগে সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে ৭৮০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ ছাড়া আয়োজন করা হয় বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প এবং পাঁচটি স্কুলে ল্যাপটপ বিতরণ করা হয়।

বিদ্যালয়ের শারীরিক শিক্ষক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, “সুস্থ দেহ ছাড়া সুস্থ মন ও মেধার বিকাশ সম্ভব নয়। সাকসেস রেসিডেন্সিয়াল স্কুলে শুধু ক্লাসের পড়া নয়, শৃঙ্খলা, নৈতিকতা, খেলাধুলা ও স্কাউটিংয়ের মাধ্যমে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। গ্রামের এই শিশুরাই একদিন শৃঙ্খলা ও নেতৃত্ব দিয়ে দেশের মুখ উজ্জ্বল করবে, এটাই আমাদের প্রত্যাশা।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকদের মতে, প্রত্যন্ত একটি হাটকে কেন্দ্র করে গড়ে ওঠা সুশৃঙ্খল, প্রযুক্তিবান্ধব ও আদর্শভিত্তিক এই শিক্ষাপ্রতিষ্ঠান পুরো উপজেলার জন্য অনুকরণীয়। তাঁদের মতে, সদিচ্ছা, শৃঙ্খলা এবং শিক্ষক-অভিভাবকদের যৌথ প্রচেষ্টা থাকলে গ্রামেও শহরের মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম খন্দকার বলেন, “২০০৩ সালে ‘জ্ঞানই আলো’কে মূলমন্ত্র করে জুম্মার হাটের মতো নিভৃত পল্লীতে যে স্বপ্নের বীজ বুনেছিলাম, আজ ৭৮০ জন শিক্ষার্থীর পদচারণায় তা মহীরুহে পরিণত হয়েছে। শহরের চাকচিক্য থেকে দূরে গুনাইগাছের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতেই এই প্রতিষ্ঠানের জন্ম, ব্যবসার জন্য নয়, এটি আমাদের সামাজিক দায়বদ্ধতা। আমরা প্রমাণ করতে চেয়েছি—জন্ম গ্রামে হলেও গ্রামের সন্তানেরা শহরের মতোই মানসম্মত, প্রযুক্তিবান্ধব ও নৈতিক শিক্ষা পাওয়ার অধিকার রাখে। ‘জ্ঞান, শৃঙ্খলা ও সাফল্য’—এই তিন স্তম্ভকে ধারণ করে আমরা চাই, এখানে নিয়মিত ক্লাস করলে যেন কোনো শিক্ষার্থীকে বাইরে প্রাইভেট-কোচিংয়ের জন্য ছুটতে না হয়। পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা, স্কাউটিং ও প্রযুক্তির সমন্বয়ে আমরা প্রতিটি শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল নয়, একজন আদর্শ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। এই নিভৃত পল্লীর প্রতিষ্ঠানটিকে উলিপুর তথা কুড়িগ্রামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পরিণত করাই আমাদের আগামীর স্বপ্ন।”

বাংলাদেশ সময়: ২১:৩৩:৩৯   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●