![]()
ভোলা: ‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে লালমোহন উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের বাস্তবায়নে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কারিগরি ও সার্বিক সহযোগিতা করে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন।
কর্মসূচির অংশ হিসেবে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয়, দ্রুত উদ্ধার এবং অগ্নিনির্বাপণের কৌশল তুলে ধরে একটি বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়। এর মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা বাড়ানোর পাশাপাশি জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে ধারণা দেওয়া হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করতে হবে। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে ধারণা, প্রয়োজনীয় প্রস্তুতি ও সম্মিলিত উদ্যোগ থাকলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। এ কারণে দুর্যোগ মোকাবিলায় ব্যক্তিগত, পারিবারিক ও স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত মহড়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, সহকারী শিক্ষক ফারহা দিবা আক্তারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২২:৩৫:০৭ ১২ বার পঠিত | ● অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ● দুর্যোগ ব্যবস্থাপনা ● মোহাম্মদ সিফাত বিন সাদেক ● লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস