ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
পিরোজপুর: কাউখালী উপজেলার বেকুটিয়া সেতু সংলগ্ন কঁচা নদীতে ইঞ্জিন বিকল হয়ে মাঝনদীতে ভেসে যাওয়া জেলা ইজতেমাগামী ৫০-৬০ জন যাত্রীকে অক্ষত ও নিরাপদে উদ্ধার করেছে নৌ পুলিশ।
গতকাল বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর আসে, বেকুটিয়া সেতুর দক্ষিণে পাঙ্গাশিয়া এলাকায় ৫০-৬০ জন ইজতেমাযাত্রী নিয়ে একটি নামহীন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে যাত্রীরা নদীতে বিপাকে পড়েন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে ওঠে নৌ পুলিশ। ট্রলারের চালক আব্দুল হকের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিশ্চিত হওয়ার পর কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোহাম্মদ আরমান হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তাৎক্ষণিকভাবে ‘আল্লাহর দান’ নামের একটি বিকল্প ট্রলারের ব্যবস্থা করে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়। পরে রাত ১২টা ৩০ মিনিটে তাঁদের বেকুটিয়া সেতুর পশ্চিম পাশে কঁচা নদীর তীরে অবস্থিত নির্ধারিত ইজতেমা ময়দানে পৌঁছে দেওয়া হয়।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। উদ্ধার হওয়া যাত্রীরা নিরাপদে ইজতেমায় অংশ নিয়েছেন।
এ বিষয়ে কাউখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মোহাম্মদ আরমান হোসেন জানান, “জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে কল পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বিন্দুমাত্র সময় নষ্ট না করে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিই। তখন রাত প্রায় সাড়ে ১১টা। মাঝনদীতে কুয়াশা ও অন্ধকারের মধ্যে যাত্রীদের আকস্মিক এই বিপদে পড়াটা সত্যিই আতঙ্কজনক ছিল। আমরা দ্রুত ট্রলারচালক আব্দুল হকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের সঠিক অবস্থান নিশ্চিত করি এবং আমাদের একটি দল দ্রুত সেখানে পৌঁছায়। পরে বিকল্প আরেকটি ট্রলারের মাধ্যমে বিভিন্ন বয়সের ৫০-৬০ জন ইজতেমাযাত্রীকে সম্পূর্ণ অক্ষত ও নিরাপদে উদ্ধার করে রাত সাড়ে ১২টার মধ্যে ইজতেমা ময়দানে পৌঁছে দিতে পেরেছি। আলহামদুলিল্লাহ, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা হতাহতের ঘটনা ঘটেনি।”
এ ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে দ্রুত ৯৯৯-এ কল করার অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান এই পুলিশ কর্মকর্তা।
এস/ আর
বাংলাদেশ সময়: ১৮:৩৬:৪০ ৩ বার পঠিত | ● কঁচা নদীতে ট্রলার বিকল ● কাউখালী নৌ পুলিশ ● জেলা ইজতেমা ● ৯৯৯ জরুরি সেবা