ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
ঢাকা: ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে ঢাকার দোহার উপজেলার পাড়া-মহল্লায় মাইকিং করা হয়েছে। বুধবার দিনব্যাপী উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এ কার্যক্রম চালায় দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর নির্দেশনার ধারাবাহিকতায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
একই সঙ্গে জুমার নামাজের খুতবায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামস উল ইসলাম খান বলেন, বুধবার সকাল থেকে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে পুরো দোহারে মাইকিং করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিন মাসের বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপস্বাস্থ্য কেন্দ্র এলাকায় ঘাস কাটা, ড্রেন পরিষ্কারসহ সার্বিক পরিচ্ছন্নতার কাজও চলছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ সরাসরি এসব কার্যক্রম তদারকি করবে।
অন্যদিকে, উপজেলা পরিষদ এলাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আশপাশে আগাছা-আবর্জনা পরিষ্কার, ঘাস কাটা এবং ড্রেন পরিষ্কারের কাজ করতে দেখা গেছে। এ সময় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফকে জনবল নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়।
\এন/ এস\
বাংলাদেশ সময়: ২৩:৪৯:২৯ ২ বার পঠিত | ● খন্দকার আবু আশফাক ● তারেক রহমান ● দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ● দোহারে ডেঙ্গু প্রতিরোধ