ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
রাজশাহী: রাজশাহী মহানগরীর হারপুর এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক শিক্ষক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন হারপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. আল আমিন (৪৩) এবং তাঁর স্ত্রী মোসা. সীমা খাতুন (৩৮)। আল আমিন কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত কাবিলের ছেলে। তাঁর স্ত্রী সীমা খাতুন একই এলাকার মো. আমিনুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আল-আমিনের নেতৃত্বে কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় শিক্ষক দম্পতিকে আটক করে তাঁদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ছাড়া একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই আল-আমিন পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধারের দাবি অস্বীকার করেন। তিনি বলেন, রাস্তার ওপর ওই দম্পতিকে আটকের সময় আশপাশে তেমন কাউকে দেখা যায়নি। ওই শিক্ষিকার হাতে থাকা শপিং ব্যাগ থেকে ১০টি জিপার প্যাকেট পাওয়া যায়। সেগুলোর মধ্যে দুই হাজার পিস ইয়াবা ছিল।
কাশিয়াডাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা দুই হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতিকে গ্রেপ্তার করেন। পরে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এন/এস
বাংলাদেশ সময়: ২১:৪২:১৬ ১১ বার পঠিত | ● দুই হাজার পিস ইয়াবা ● মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ● রাজশাহীতে শিক্ষক দম্পতি আটক