ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। গোপনে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনা ও সরকারবিরোধী অপতৎপরতা চালানোর অভিযোগ পাওয়া গেছে তাঁর বিরুদ্ধে।
জানা গেছে, অনিমা জামান প্রমা রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতাউর জামান বাবুর মেয়ে। ২০২৩ সালের ১১ এপ্রিল কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আড়ালে চলে যান প্রমা। জনসমক্ষে না এলেও গোপনে সরকারবিরোধী অপতৎপরতাসহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছিলেন বলে তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
প্রমার বাবা আতাউর জামান বাবু দুই বছরের বেশি সময় ধরে কারাগারে আটক আছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় হামলা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের এই নেত্রীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার সন্ধ্যায় তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির নাম ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ (ইউএফটিবি)। ২০১৬ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত।
বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩০ ১৩ বার পঠিত | ● অনিমা জামান প্রমা ● নিষিদ্ধ ছাত্রলীগ ● রংপুরে ছাত্রলীগ নেত্রী গ্রেপ্তার ● সন্ত্রাসবিরোধী আইন