![]()
ঢাকা: রাজধানীর শ্যামলী মোড়ে ট্রাকচাপায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর পৌনে ৫টার দিকে ফুটওভার ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম মুক্তা। তাঁর বয়স আনুমানিক ২০ বছর। অপর নারীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শুক্রবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে শ্যামলী ফুটওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে এক নারীকে মাথার খুলি ভাঙা অবস্থায় মৃতপ্রায় পড়ে থাকতে দেখা যায়। অপর নারী গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন।
পরে দুজনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত নারী মুক্তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার সময় তাঁর মৃত্যু হয়। পরে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
পুলিশের কাছে প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত দুই নারী ফুটপাতেই থাকতেন। ভোরে দ্রুতগতির একটি ট্রাক যাওয়ার সময় তাঁরা সেটির সামনে দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাকের চাপায় পিষ্ট হন তাঁরা।
পুলিশ জানিয়েছে, নিহত দুই নারীর সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৩ ১৪ বার পঠিত | ● মুক্তা ● মোহাম্মদপুর থানা ● শ্যামলী সড়ক দুর্ঘটনা ● শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত