ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
রাজশাহী: প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ও জনসভা সফল করতে প্রস্তুতি জোরদার করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। এ উপলক্ষে জনসভাস্থল হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ (মাদ্রাসা মাঠ) পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাঠ পরিদর্শনে গিয়ে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা, দেয়াল রংকরণ, মাঠসংলগ্ন সড়ক সংস্কার ও জনসভার মঞ্চ নির্মাণসহ বিভিন্ন প্রস্তুতির অগ্রগতি পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও দেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের সিদ্ধান্তে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আগমন রাজশাহীবাসীর জন্য আবেগ ও অনুভূতির বিষয়। তাঁকে একনজর দেখতে নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভাগীয় ও জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নগরীর সৌন্দর্যবর্ধনেও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। রাসিক প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি সড়ক বিভাজকের আইল্যান্ড রংকরণ, প্রয়োজনীয় সড়ক সংস্কার এবং নগরীর সার্বিক পরিবেশ উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ২০ অক্টোবর দুপুর ১টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে বিকেল ৩টায় মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দেওয়ার পাশাপাশি আখচাষিদের মধ্যে প্রণোদনা বিতরণ করবেন।
পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ও আহমদ আল মঈন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি জয়নাল আবেদীন শিবলী, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, শাহ মখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯:১৭:০২ ১৮ বার পঠিত | ● তারেক রহমানের রাজশাহী সফর ● রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভা ● রাজশাহী সিটি করপোরেশন