ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
খুলনা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনার পাইকগাছায় সনাতন ধর্মাবলম্বী ১৫১ জন দুস্থ ও অসচ্ছল নারীর মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগী নারীদের হাতে একটি করে শাড়ি তুলে দেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর রুহুল আমীন ও সেক্রেটারি আলতাফ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, পৌর কমিটির সভাপতি বাবুরাম মণ্ডল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর ও আবদুল্লাহ আল-মামুনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের আবহমান ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতি। এ দেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করে আসছেন। দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তাঁরা আরও বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ২৩:২৩:২১ ১০ বার পঠিত | ● খুলনা-৬ আসন ● দুর্গাপূজা ● পাইকগাছায় শাড়ি বিতরণ ● প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল