ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম
![]()
রংপুর: হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, চাঁদাবাজি ও অপহরণসহ বিভিন্ন অভিযোগে ২৬টি মামলার আসামি রাজিব হোসেন সুমন ওরফে ‘মেরিল সুমন’কে (৩৫) বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুমন নগরীর শালবন শাহীপাড়া এলাকার আবু হানিফের ছেলে।
এসআরবি সূত্রে জানা গেছে, সুমনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চাঁদাবাজি, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, অপহরণ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলা, হত্যাচেষ্টা ও মারামারির আটটি মামলা, চাঁদাবাজির চারটি মামলা এবং অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। বাকি মামলাগুলো অন্যান্য অভিযোগে দায়ের করা হয়েছে।
এসআরবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সুমনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ এবং ২০২৩ সালে পিস্তল ও ইয়াবাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
এসআরবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুমনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২৩:৪০:৪৫ ৯ বার পঠিত | ● এসআরবি-১৩ ● মেরিল সুমন গ্রেপ্তার ● রংপুরে বিশেষ অভিযান ● ২৬টি মামলা